বরগুনায় রিফাত শরীফ হত্যার আসামীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। মানববন্ধনে রিফাতের হত্যাকে বিশ্বজিৎ হত্যার সঙ্গে তুলনা করে বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। আদালতের রায়ও দেওয়া হলো। কিন্তু এরপরও রাজনৈতিক বিবেচনায় ছয়জনকে মুক্তি দেওয়া হলো। এ ধরনের বিচার হলে তো দেশে অন্যায় বাড়বেই।
তিনি বলেন, দেশে আজ দু’ধরনের আইন চলছে। একটি রাজনৈতিক দলের জন্য, অন্যটি সাধারণ মানুষের জন্য। এখন মামলা করতে গেলেও শুনতে হয়- কোন দল করেন? এভাবে দেশ চলতে পারে না।
ভিপি নুর আরো বলেন, সমাজ আজ কোথায় গেছে? প্রকাশ্যে একজনকে খুন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীর প্রতি অবিচার করে। দেশে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেখানে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। ডাকসুর ভিপি বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হলেও কোনো বিচার হয়নি। এ রাষ্ট্রই এখন অনিয়মের মধ্য দিয়ে চলছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না।
তিনি সরকারের কাছে সাগর-রুনি, তনু, নুসরাত, রিফাতের হত্যাকরীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আরেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, আপনারা জানেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। তনু হত্যা, বিশ্বজিৎ হত্যার বিচার আমরা এখনো পাইনি। বর্তমানে এ দেশে আমরা কেউ নিরাপদ নই। এ ধরনের ঘটনার বিচার না হওয়ায় সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয় না। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে।