প্রেমিকার ঘরের জানালা থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ পৌর এলাকায় কথিত প্রেমিকার ঘরের জানালা থেকে মাহমুদ হাসান মানা (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি পৌর এলাকার ধোপাবাড়ি মহল্লার ছবদের আলী ভুট্টোর ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, একই এলাকার এক মেয়ের সঙ্গে মাহমুদ হাসান মানার প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের বাড়ির জানালায় মানার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত মানার বাবা ছবদের আলী ভুট্টো বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে মানার বড় ভাই ভাই মারুফ শেখ জানান, মানাকে বৃহস্পতিবার রাতে তার কথিত প্রেমিকা ফেন করে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

এ ঘটনায় পুলিশ মানার কথিত প্রেমিকা, তার বাবা ও চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু দাউদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।