বিপদে সহায় গুগল ম্যাপ

ভাড়া করা অটোরিকশা কিংবা ট্যাক্সিতে চড়ে গন্তব্যে যাচ্ছেন আপনি। কিন্তু এ সময় যদি আপনার অমতে গাড়ি অজানা রাস্তায় চলে যায় ও চালকের গতিবিধি সন্দেহজনক হয়, তাহলে গুগল ম্যাপের ‘স্টে সেফার’-এ ক্লিক করুন এবং বন্ধু বা নিকট পরিবার সদস্যের কাছে শেয়ার করে দিন। রাতারাতি সেই লাইভ আপডেটের ওপর নির্ভর করে আপনার কাছে চলে আসতে পারবেন নিকটজনরা। এ ছাড়া গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন, সেই রাস্তায় না গিয়ে, অন্য রাস্তা দিয়ে গেলে শূন্য দশমিক ৫ কিমি যাওয়া মাত্রই গুগল ম্যাপ আপনাকে সাবধান করে দেবে। এমনটি হলেও শেয়ার করে দিতে পারবেন আপনার যাত্রাপথের লাইভ আপডেট।

 

কীভাবে ব্যবহার করবেন ‘স্টে সেফার’ ফিচার?

ম্যাপে গন্তব্যস্থল ঠিক করে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করুন যাত্রা। তখনই ম্যাপ আপনাকে ‘স্টে সেফার’ (Stay Safe) ফিচারটি দেখাবে। সেটিকে সক্রিয় করুন। পাশাপাশি অন করুন ‘Get off-route alerts’। তারপর সেটি তৎক্ষণাৎ শেয়ার করে দিতে পারেন অথবা বিপদ বুঝেও শেয়ার করতে পারেন।

এ ছাড়া গুগল ম্যাপ নিয়ে আসতে চলেছে স্পিডোমিটার। গাড়ি কত স্পিডে যাচ্ছে সে সম্পর্কে অবগত থাকতে পারবেন আপনি। সদ্য আপডেট হয়েছে গুগল ম্যাপ। বাস, ট্রেন, অটোরিকশার সঙ্গে যুক্ত হয়েছে তিনটি নতুন ফিচার। এখন থেকে ম্যাপ আপনাকে জানিয়ে দেবে, বাস, ট্রেনের ‘রিয়েল টাইম’। অর্থাৎ আপনার স্টপেজে বা স্টেশনে বাস বা ট্রেন কতক্ষণে এসে পৌঁছাবে, সে সময় বলে দেবে গুগল ম্যাপ। এ ছাড়া, থাকবে অটোরিকশাসহ অন্যান্য পরিবহনের সময়সূচি।