বিদেশিদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডিএনসিসি মেয়রের

দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীর উপকণ্ঠ সাভারে চীনের কিজো গ্রুপের কিজো ব্যাটারির নতুন কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, সরকার এরই মধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। তাই বিদেশিদের আরও বিনিয়োগ করা উচিত। তিনি বলেন, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশের শ্রমিকদের সর্বাত্মক নিরাপত্তা ও কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। এতে মালিক-শ্রমিক উভয় পক্ষই লাভবান হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিজো গ্রুপের চেয়ারম্যান উ কু-ও ছুন, ভাইস চেয়ারম্যান উ কু-ও শাং ও ঢাকা শিল্প পুলিশের এসপি সানা সাহিনুর শামীম।