ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির আসন্ন ‘বাকু’ সম্মেলনে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাতে পারে বলে আশঙ্কা করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ড. সুলতানা কামাল। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।
সুন্দরবন রক্ষায় ইউনেস্কোর সর্বশেষ সুপারিশ ও বনের প্রতি সরকারের অবহেলা শীর্ষক এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতানা কামাল। তিনি বলেন, আগামীকাল ৩০ জুন থেকে ১০ জুলাই আজারবাইজানের রাজধানী বাকু শহরে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সুপারিশগুলোর ওপর আলোচনা ও সুন্দরবনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এ বিষয়ে কেন্দ্রের সুপারিশ যদি কমিটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে তাহলে সুন্দরবন তার বর্তমান বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে।
তিনি জানান, ইউনেস্কোর কাছ থেকে এমন তাগিদ পাওয়ার পর গত বছর সরকার বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে এ বিষয়ে একটি রিপোর্ট প্রদান করে। কিন্তু রিপোর্ট ইউনেস্কোর কাছে সন্তোষজনক না হওয়ায় সুন্দরবনকে এরই মধ্যে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির সুপারিশ করেছে কমিটি। আসন্ন বাকু সম্মেলনে বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সুপারিশ কমিটি আমলে নিলে সুন্দরবন তার বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাবে।