ভারতের পুনে প্রবল বর্ষণে বিলাসবহুল একটি কম্পাউন্ডের দেয়াল ধসে পাশের বস্তিতে পড়লে কমপক্ষে ১৫ জন মারা যান। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুনের কোন্ধওয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।
জানা গেছে, প্রবল বর্ষণে ওই বিলাসবহুল আবাসনের দেয়ালের একটি অংশ ধসে পাশের বস্তিতে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ওই আবাসনের পাশের এই বস্তিতে থাকতেন দরিদ্র শ্রমিকরা। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন ওই বিলাসবহুল আবাসনের কম্পাউন্ড দেয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঝুপড়ি ঘরগুলোর ওপর।
এসময় দেয়ালের পাশে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও গিয়ে পড়ে বস্তির ওপরে। ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। মৃতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন।
ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কিনা তার খোঁজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ২৪ ঘণ্টায় পুনেতে ৭৩.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের জেরেই কম্পাউন্ডটির দেয়াল ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।