সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে শ্যামগঞ্জ-বিরিশির সড়ক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় উজান থেকে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কের রাস্তায় যেকোনো মুহূর্তে ভেঙে যাওয়ার শঙ্কায় ভুগছেন স্থানীয় লোকজন ও পথচারীরা। এতে বন্ধ হয়ে যেতে পারে দুর্গাপুর উপজেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও নেত্রকোনার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রবলবেগে পানি প্রবাহিত হয়ে উপজেলার ইন্দ্রপুর এলাকায় নির্মিত কালভার্টে পাশের সড়কের অংশে ভাঙন দেখা দিয়েছে।

এ কালভার্টের দুই পাশের নিচ দিয়ে পানির ব্যাপক স্রোতের চাপে গর্ত হয়ে মাটি সরে যাচ্ছে। এতে মূল সড়কের অংশ ভেঙে যাচ্ছে। অচিরেই মেরামত না করলে সড়কটি ভেঙে গিয়ে জেলাসহ ময়মনসিংহ ও ঢাকার সঙ্গে এ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ওই এলাকার জনসাধারণ।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানআতুল ফেরদৌস আরা বলেন, “ভারতীয় মেঘালয় রাজ্যে অতিরিক্ত বৃষ্টির পানি আসাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জরুরি ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করি এবং বিষয়টি দ্রুততার সাথে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।”

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার এ বিষয়ে বলেন, খুব দ্রুততার সঙ্গে ভাঙন ঠেকানোর কাজ চলছে। ভাঙন ঠেকাতে দ্রুত শ্রমিক পাঠানোর ব্যবস্থা করছেন বলে তিনি জানান।

এদিকে দুর্গাপুর উপজেলা ইউএনও ফারজানা খানম বলেন, ইন্দ্রপুরের ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে। দ্রুত তা মেরামত হয়ে যাবে বলে আশা করছেন তিনি।