হাত-পা বাঁধা এবং অচেতন অবস্থায় মাসুদ রানা বাবু নামে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি নেতা উকিল আবদুস সাত্তার ভূঞার এক ভাতিজাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাত পৌনে ৯টায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের পাশে সরাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নির্জন স্থান থেকে বাবুকে উদ্ধার করা হয়। মাসুদ রানা বাবু (৩৮) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জহির মিয়ার ছেলে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পরমানন্দপুর নৌঘাট এলাকা থেকে বাবু নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার সকালে বাবুর স্ত্রী প্রমনী বেগম তার স্বামীকে গুম করা হয়েছে বলে দাবি করে থানায় অভিযোগ দেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পরমানন্দপুর গ্রামের জবর আলীর ছেলে জাকির হোসেন ও আবজর আলীর ছেলে বাছির ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরে হাত ও পা বাঁধা এবং অচেতন অবস্থায় সড়কের পাশ থেকে বাবুকে জীবিত উদ্ধার করা হয়।
সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, জাকির ও বাছির আপস-মীমাংসার কথা বলে ফোন করে ডেকে নিয়ে বাবুকে লুকিয়ে ফেলে।