যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের বাণিজ্যবিরোধ মেটাতে আবার আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত শনিবার জি-২০ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যকার বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়।
আলোচনার পথ খোলা রাখতে ওয়াশিংটন চীন থেকে আমদানি করা পণ্যে নতুন করে আর কোনো শুল্কারোপ করবে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় বছরখানেক ধরে চলা এ বিবাদে বেইজিং ও ওয়াশিংটন একে অপরের শতকোটি ডলারের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। শি’র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা আবার আগের পথে ফিরে এসেছি, দেখা যাক কী হয়।’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে ৮০ মিনিটের বৈঠককে ‘অসাধারণ’ হিসেবেও অভিহিত করেন তিনি। পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে বৈঠক সম্পর্কে জানায়। বৈঠকে চীন থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্র আর নতুন শুল্ক বসাবে নাÑ এমন সিদ্ধান্তের পাশাপাশি দুই দেশের মধ্যস্থতাকারীরা এখন থেকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনায় বসবেন বলেও জানানো হয়।