‘আমাকে সরিয়ে সিনেমায় প্রেমিকাকে নিতেন নায়কেরা’

বেশ কয়েক বছর থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা নেই ‘মার্ডার’-অভিনেত্রীর। কারণ, বছর কয়েক আগে তিনি মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন।

তবে দুই একটা ‘ফ্লপ’ ছবি ছাড়া সেরকম কিছু করতে পারেননি হলিউডে। তবে এবার বছর কয়েক বাদে ফিরলেন দেশে। তা কেন মুম্বই থেকে দূরে সরে গিয়েছিলেন ইমরান হাসমির এই ‘হট’-নায়িকা? উত্তর দিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত নিজেই।

মুখরা মেয়ে। তার উপর আবার সব ব্যাপারে নিজের মতামত দেওয়ার বদ অভ্যাস। এই দুই দোষেই বলিউড দূরে সরিয়ে দিয়েছিল অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে। দেশে ফিরে এমনটাই জানালেন নায়িকা।

একতা কাপুরের প্রযোজনায় একটি হরর-কমেডি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। সেই ছবি সংক্রান্ত এক সাক্ষাৎকারেই তিনি বললেন, বলিউডে মেয়েদের অধিকার আর সমস্যা নিয়ে কথা বলতে গিয়েই অভিনেতাদের অপ্রিয় হয়ে যান তিনি।

তার মুখরা হাবভাবের জন্য অনেক ছবিতেই তাকে সরিয়ে জায়গা করে দেওয়া হয় নায়কের প্রেমিকাদের। এমনকী, বহু নায়িকারও রোষানলে পড়তে হয়েছিল তাকে।

মল্লিকা জানিয়েছেন, সেসময়ে এখনকার মতো সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। নিজেদের কথা জানানোর জোর ছিল না। তবে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। তবে একটা সময় ক্ষোভ থাকলেও এখন আর সেসবে পাত্তা দেন না মল্লিকা।

সূত্র: বলিউড হাঙ্গামা