জাতীয় মুক্তি মঞ্চে জাগপা নেই: লুৎফর রহমান

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ‘জাতীয় মুক্তি মঞ্চের’ সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

শনিবার জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একইসঙ্গে এ বিষয়ে দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে নিজের অবস্থান পরিষ্কার করতে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে বলেও এতে বলা হয়েছে।

লুৎফর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুন জাতীয় প্রেস ক্লাবে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের নেতৃত্বে নতুন জোট ‘জাতীয় মুক্তি মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ করেন ও নতুন জোটের সঙ্গে সম্পৃক্ত হন। বিষয়টি জাগপা পরিবার ও নেতৃবৃন্দ গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে।

এতে আরও বলা হয়, ‘আমাদের দলের সভাপতি ব্যক্তিগত সিদ্ধান্তে জাতীয় মুক্তিমঞ্চে যোগদান করেন। এখানে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। সুতরাং জাতীয় মুক্তি মঞ্চের সঙ্গে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাগপার কোনো সম্পর্ক নেই। আমি বিনীতভাবে জাগপার সভাপতিকে অনুরোধ করব, আপনি জাতীয় মুক্তিমঞ্চ থেকে বের হয়ে আসুন এবং মূলস্রোতধারার সাথে থাকুন। জাগপা নেতৃবৃন্দ আপনার দিকে তাকিয়ে আছে। ’

সারা দেশে জাগপার সঙ্গে সম্পৃক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে লুৎফর রহমান বলেন, ‘জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জাতীয় নেতা শফিউল আলম প্রধানের আদর্শ ও নীতি বিসর্জন দিয়ে আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে নিজেদের পরিষ্কার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারি না। জাগপা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটে আছে ও থাকবে।’