অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘৩০ জুন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময় শেষ হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগের ছিল ৩ হাজার। নতুন করে জমা পড়েছে ৫ হাজার। আরও আবেদন জমা পড়বে। তাই সময় এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘অনলাইন নিবন্ধনের জন্য যে আবেদন পড়েছে সেখান থেকে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। আমরা শিগগিরই এ কাজটি শেষ করব।’