‘খালেদা এতিমের টাকা মারায় বিএনপির শক্তি কেড়ে নিয়েছেন আল্লাহ’

খালেদা জিয়া ‘এতিমের টাকা মেরে খাওয়ায়’ তার দল বিএনপির আন্দোলন করার শক্তিও আল্লাহ কেড়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন সংসদে সরকারি দলের হুইপ শামসুল হক চৌধুরী। গতকাল শনিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হুইপ শামসুল হক বলেন, বিএনপির এক বন্ধু কথায় কথায় কুরআনের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথা বলেন। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি সুরা আল-ইমরান পড়েননি? নিশ্চয়ই পড়েছেন। সুরা আল-ইমরানে আল্লাহ বলেছেন, আমি যাকে শক্তি দিই, ক্ষমতা দিই, বাড়াবাড়ি করলে ছিনিয়ে নিই। শামসুল হক বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন। এতিমের টাকা মেরে দিয়েছেন। এজন্য আল্লাহ আপনাদের শক্তি কেড়ে নিয়েছেন। আপনাদের বাকশক্তি নেই। আপনাদের বুকে আন্দোলন করার শক্তি নেই। সেটাও আল্লাহ কেড়ে নিয়েছেন। তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এই দেশকে উন্নত দেশে পরিণত করব। সে জন্য আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে।