বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটি ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে শাহরিয়ার এমন দাবি করলেও গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফনটেইন বলেন, কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেবে না দেশটি। তাকে ফেরত দিতে বাংলাদেশ সরকারের করা মামলার শুনানি উল্লেখ করে তিনি বলেন, দেশে পাঠালে মৃত্যুদণ্ড হতে পারে, এমন ব্যক্তিকে ফেরত দেয় না তার দেশ।
শাহরিয়ার আলম বলেন, ‘বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ছয়জনের মধ্যে দুজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। একজন বিদেশে মারা গেছে। আরও তিনজনের অবস্থান সম্পর্কে খবর শুনেছি। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর না করা গেলে আমরা নিজেদের ব্যর্থ মনে করব। চেষ্টা অব্যাহত আছে, আমরা তাদের ফেরত আনতে পারব।’