ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ‘বিতর্কিতদের’ বাদ দিয়ে কমিটি পুনর্গঠনসহ চার দফা দাবিতে সংগঠনটির পদপ্রত্যাশীদের আমরণ অনশন শুরুর ২৪ ঘণ্টা পরও তাদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের মুখপাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
এর আগে চার দফা দাবিতে টানা এক মাস তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান গ্রহণ করে ছাত্রলীগের এই আন্দোলনকারীরা। তবে এরপরও দাবি পূরণ না হওয়ায় গত শুক্রবার দুপুর থেকে তারা আমরণ অনশন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে আন্দোলনকারীদের একাধিক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন। আমরণ অনশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমপক্ষে ২৫-৩০ নেতাকর্মী অংশ নিচ্ছেন।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, শূন্য ঘোষিত ১৯টি পদ ছাড়ার অন্য ‘বিতর্কিতদের’ নাম-পদবি প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ‘বিতর্কিতদের’ জায়গায় পদায়ন এবং মধুর ক্যান্টিন (১৩ মে) ও টিএসসিতে (১৯ মে) বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার করা।