আগাম জামিন চেয়ে হাইকোর্টে ডিআইজি মিজান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের যুগ্ম বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি দায়ের করেছিল।

ডিআইজি মিজানের আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, “আগাম জামিন পেলে আবেদনকারী (মিজান) দেশ ত্যাগ করবেন না-আবেদনে এমন যুক্তি তুলে ধরা হয়েছে।”

ডিআইজি মিজানের বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার সাত মাস পর গত ২৫ জুন তাকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়।

দুদক কর্মকর্তা এনামুল বাছিরের সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি আলোচনায় আসার পর তাকে সাময়িক বরখাস্তের একটি প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।