সবসময়েই খবরের শিরোনামে থাকেন সালমান খান। কখনও আইনি বিপাকে পড়ে, আবার কখনও বা নিরাপত্তারক্ষীদের কষিয়ে চড় মেরে!
তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মজার পোস্ট, ভিডিও সবসময়েই অনুরাগীদের নজরে থাকে। ঠিক সেরকমই একটি ভিডিও সালমান পোস্ট করেছিলেন শনিবার। শখ করে পানি খাওয়াচ্ছেন এক বানর ছানাকে। আর সেই ভিডিও-ই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
অনেক সময়েই বিশেষ বার্তা দিতে ভাইজান নিজের কিছু ভিডিও শেয়ার করে থাকেন। ভিডিওতে দেখা গিয়েছে, একটি প্লাস্টিকের বোতলে করে একটি বানরকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন সালমান খান। আর অন্যদিকে, সেই বানরকে হাজারো সাধলেও পানি খেতে নারাজ সে।
বেগতিক বুঝে সালমান নির্দেশ দিলেন তার জন্য একটি কাপ নিয়ে আসতে। এরপর সেই কাপে পানি ঢেলে বানরকে পানি খাওয়ান ৫৩ বছরের ‘দাবাং’ অভিনেতা। সেই বাদর শাবককে আবার ‘বজরঙ্গি ভাইজান’ আখ্যাও দিয়েছেন সল্লু মিঞা।
আর ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের বজরঙ্গি ভাইজান প্লাস্টিকের বোতলে পানি খান না।’
ভাইজান শুধু রসিকতার জন্য এই ভিডিওটি আপলোড করেননি। বরং, এর নেপথ্যে রয়েছে এক নিগূঢ় কারণ। আসলে প্লাস্টিক বিরোধী প্রচারের জন্যই এমন ক্যাপশন লিখেছেন ভাইজান।