সড়কে ফেলে যুবলীগ কর্মীকে নির্দয়ভাবে পেটানোর ভিডিও ভাইরাল

নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকায় মো. মহসিন (২৬) নামে এক যুবলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

মারধরের শিকার মহসিন বিশ্ব কলোনী এম ব্লকের বাসিন্দা। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী বলে জানা গেছে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহসিন।

পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে। আটক পাঁচজন হলেন- মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭), মো. সাজু (২৪), মো. বেলাল (২০) ও মো. তারেক (১৮)।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন , এ ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি। তবে কেউ এ ঘটনায় কোনো মামলা করেনি কেউ। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, হামলায় আহত মহসিন এক মাস আগে জেল খেটে বৃহস্পতিবার জেল থেকে বের হন। বাসার কাছেই তিনি হামলার শিকার হন।

এদিকে স্থানীয়রা জানান, মহসিন নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দেন এলাকায়। নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচি অনুসারী হিসেবে পরিচিত মহসিনের বিরুদ্ধে মারামারি-হামলার একাধিক অভিযোগ আছে।

এদিকে কচির অনুসারীরা অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীমের অনুসারীরা এই হামলা করেছে। এই দুটি গ্রুপের মধ্যে শনিবার রাত থেকে সংঘর্ষে সূত্রপাত। রবিবার পর্যন্ত তিন দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

মারধরের ঘটনার একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় দাঁড়িয়ে থাকা মহসিনকে মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল।

মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে তারা। পরে মারা গেছে ভেবে মহসিনকে ফেলে রেখে যায়।

মারধরের সময় এদের মধ্যে জুয়েল নামে এক যুবক মহসিনের পা ধরে রাখে। জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ওসি জসিম উদ্দিন।

এছাড়া ভিডিও ফুটেজ দেখে তুহিন, রাব্বী, পারভেজ, ফারহান ও খোকন নামে আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ওসি।

প্রকাশ্যে যুবককে বেধড়ক মারধরের এই দৃশ্যটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর আগে বরগুনায় স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফ নামে এক যুবকে। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন