ভারতের আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেনের গতিপথের নকশা পাল্টে দেওয়া হয়েছে। ৫৪ হাজার গাছের ম্যানগ্রোভ বন বাঁচাতে এ সিদ্ধান্ত হয় বলে ভারতের গণমাধ্যম জানিয়ছে।
জানা গেছে, ম্যানগ্রোভ বন কেটে বুলেট ট্রেনের গতিপথ নির্ধারণের প্রকল্পে আনা হচ্ছে সংশোধনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র ম্যানগ্রোভ বনে রেললাইন স্থাপনের প্রতিবাদ হয়। এরপর সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতের নরেন্দ্র মোদি সরকার।
ভারতের গণমাধ্যমে বলা হয়, শনিবার দেশটির রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়, বন্যপ্রাণ এবং বন রক্ষার স্বার্থে বুলেট ট্রেনের প্রস্তাবিত গতিপথে পরিবর্তন আনার চূড়ান্ত অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
রেল সূত্র জানায়, বন অধিদপ্তরের শর্তানুযায়ী স্টেশনের নকশায়ও বদল আনা হবে। এতে যে ৫৪ হাজার ম্যানগ্রোভ কেটে ফেলার পরিকল্পনা হয়েছিল, সে ক্ষতি অনেকটাই বাঁচানো সম্ভব হবে।
দেশটির ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচএসআরসিএল-এর পরিচালক অচল খারে জানান, 'আগের নকশা অনুযায়ী থানে স্টেশনের একটা বড়ো অংশ বিস্তৃত ছিল ম্যানগ্রোভ এলাকায়। প্রায় ১২ হেক্টর ম্যানগ্রোভ এলাকা প্রকল্পের আওতায় ছিল। কিন্তু সেটা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৩ হেক্টরে। এর ফলে প্রায় ২১ হাজার ম্যানগ্রোভকে আমরা অক্ষত রাখতে পারব। তবে এর পরেও ৩২ হাজারের বেশি ম্যানগ্রোভ কাটতেই হবে।'
তিনি বলেন, যে ৩২ হাজার ম্যানগ্রোভ কাটা পড়বে, সেগুলির পরিবর্তে আমরা আরও ১ লক্ষ ৬০ হাজার ম্যানগ্রোভ লাগাব। এ ব্যাপারে এনএইচএসআরসিএল নতুন ম্যানগ্রোভ বিভাগ খুলেছে। তাদের তত্ত্বাবধানেই নতুন ম্যানগ্রোভ লাগানো হবে।