ভারতে বনায়ন কর্মসূচিতে পুলিশ কর্মকর্তার ওপরে নৃশংস হামলা

এক নারী বন পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে পেটানোর দায়ে রাজ্য ক্ষমতাসীন দলের ১৬ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ ভারতে তেলেঙ্গানায় এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রবিবার গাছ লাগানো কর্মসূচিতে বাধা দেয় তেলেঙ্গনা রাষ্ট্র সমিতি পার্টির (টিআরএস)  কর্মী-সমর্থকরা। সেখানে এক পর্যায়ে এই বন পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয় উন্মত্ত জনতা।

লাটিশোটা নিয়ে নৃশংসভাবে পেটানো হয় ইউনিফর্মধারী ওই নারীকে। এই ভিডিও ভাইরাল হয়ে পড়লে চরমভাবে সমালোচিত হয় টিআরএস।

এদিকে গুরুতর আহত সেই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উন্মত্ত জনতাকে নেতৃত্ব দেওয়া টিআরএসের একজন সাংসদের ভাইকে চিহ্নিত করা হয়েছে। কনেরু কৃষ্ণ রাও নামে ওই টিআরএস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, আদিবাসী কৃষকদের জমির ফসল নষ্ট করে এই বনায়ন কর্মসূচি করা হচ্ছিল। তাই তারা বাধা দেওয়া চেষ্টা করেছিলেন।