ভালো ছাত্রী হওয়ায় ধর্ষণ করে ‘প্রতিশোধ’ নিল কাজিনরা

পড়াশোনায় ভাল ফল করায় প্রতিহিংসাবশত এক ছাত্রীকে স্কুলের ভেতরে ধর্ষণ করেছে তার কাজিনরা। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টাইমস জানায়, এক শিক্ষকের সহায়তা স্কুলের ভেতরেই দুই বছর ধরে ১৬ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা একই স্কুলেরই ওপরের ক্লাসের শিক্ষার্থী।

প্রতিবার ধর্ষণের ভিডিও করে রাখে অভিযুক্ত ধর্ষকেরা। পড়াশোনায় ভাল করায় প্রতিহিংসাবশত এ কর্মকাণ্ড করে তারা। একই পরিবারেরই কাজিনরা মিলে এ অপকর্ম ঘটায়।

একপর্যায়ে ধর্ষণের ভিডিও পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় তারা। এতেই দীর্ঘদিন ধরে চলে আসা এই ধর্ষণের ঘটনা প্রকাশ হয়ে পড়ে।

এদিকে শনিবার ওই চার স্কুলশিক্ষার্থী এবং স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ কর্মকর্তা মধুবন কুমার সিং বলেন, “কাজিনদের দ্বারা ওই কিশোরী দুই বছর ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আসছিল। সিতাপুরের মাহোলির এক সরকারি স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সবাই ওই স্কুলের শিক্ষার্থী।”