মার্ভেল স্টুডিও ও ডিজনি বেশ চেষ্টা-চরিত্র করেও শীর্ষ আয়ের হলিউড সিনেমা থেকে ‘অ্যাভাটার’কে নিচে নামাতে পারলো না।
সম্প্রতি ৩ ঘণ্টা দৈর্ঘ্যের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বাড়তি কিছু দৃশ্য যোগ করে মুক্তি দেওয়া হয়। কিন্তু বড় কোনো প্রভাব পড়েনি আয়ে।
পুনরায় মুক্তি পাওয়া সংস্করণে ১৮ সেকেন্ডের অতিরিক্ত দৃশ্য যোগ করা হয়। সঙ্গে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এর প্রোমো ও পরিচালক অ্যান্থনি রুশোর একটি বক্তৃতা। সব মিলিয়ে সাত মিনিটের বাড়তি ফুটেজ জুড়ে দেওয়া হয়। এই সব সত্ত্বেও শীর্ষ অবস্থানে রয়ে গেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’।
রুশো ব্রাদার্স পরিচালিত মার্ভেলের সুপারহিরো সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ২৭৬ কোটি ডলার। অন্যদিকে, ‘অ্যাভাটার’-এর ঝুলিতে রয়েছে ২৭৮ কোটি ডলারের বেশি। দুই সিনেমার আয়ের ফারাক ২.৮ কোটি ডলার। বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, ‘অ্যাভেঞ্জার: এন্ডগেম’-এর পক্ষে বাকি টাকা তুলে আনা সম্ভব নয়। তাই হারাতে পারবে না ক্যামেরনের এপিক সিনেমাটিকে।
অবশ্য বাড়তি ফুটেজ জুড়ে মুক্তি দেওয়ার অন্যতম কারণ ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এর প্রচার। এতে দেখা যাবে প্রধান সুপারহিরোদের ছাড়াই পিটার পার্কার ও নিক ফিউরি (স্যামুয়েল জ্যাকসন) কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে লড়ে যায়।
‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফেলো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড, ব্রি লারসন-সহ অনেকে।