গৃহ পরিচারিকাকে ধর্ষণ চেষ্টা, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহ পরিচারিকাকে ধর্ষণ চেষ্টার দায়ে মাদ্রাসা সুপার আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

রবিবার গভীর রাতে নিজ বাড়ি জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

আজিজুর রহমান রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত আছেন।

মামলার বরাতে ওসি জানান, উপজেলার হোসেনগাঁও গ্রামের এক দিনমজুরের কন্যা দীর্ঘদিন ধরে ওই সুপারের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে আসছিল। সম্প্রতি সুপারের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে শয়ন কক্ষে গৃহ পরিচারিকাকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায় মাদ্রাসা সুপার।

বিষয়টি জানাজানি হলে মেয়ের মা বাদি হয়ে মাদ্রাসা সুপারকে আসামি করে থানায় মামলা করেন।

মামলা পেয়ে পুলিশ গভীর রাতে অভিযুক্ত সুপারকে আটক করে জেল হাজতে পাঠায়।