চীনের কাছে হংকং হস্তান্তরের বর্ষপূর্তিতে আবার রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। রাস্তা দখল করে নিয়ে একপর্যায়ে সরকারি ভবনে হামলা চালিয়েছে তারা।
১৯৯৭ সালে ১ জুলাই চীনের কাছে হংকং হস্তান্তর করে ব্রিটিশ সরকার। কিন্তু চীনের অধীনে থাকতে অনিচ্ছুক দেশটির নাগরিকেরা। চলমান বিতর্কিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে সেটি আবারও চাঙা হয়ে উঠেছে।
বিবিসি জানায়, হস্তান্তরের বর্ষপূর্তিতে কয়েক হাজার গণতন্ত্রকামী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এর আগে সংঘর্ষে আন্দোলন কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে তারা।
একপর্যায়ে সরকারি আইন পরিষদ ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে ভবনটির বাইরের অংশে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিতর্কিত বিল অনুসারে অপরাধীদের চীনের কাছে প্রত্যর্পণ করার বিধান রয়েছে। এর জের ধরে হংকং-এর বেইজিংপন্থী নেতা ক্যারি লামের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।
যদিও লাম ওই বিল স্থগিত করেছেন। তবে বিতর্ক জন্ম দেওয়ায় জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ নিরসনের কোনো লক্ষণ নেই।
চীনের কাছে সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ১৮৪১ সাল থেকে ব্রিটিশ কলোনি ছিল হংকং। বর্তমানে ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতির অধীনে এটি চীনের অংশ।
হংকং-এর বেশির ভাগ মানুষ জাতিগতভাবে চীনা বংশোদ্ভূত। তবে মূল ভূ-খণ্ডে নেই এমন স্বাধীনতা হংকং-এর জনগণ এখনো উপভোগ করেন। সমালোচকেরা বলছেন, তা হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের কেউ কেউ মনে করেন, প্রত্যর্পণ বিলটি পাশ হলে হংকং পরিণত হবে আরেকটি চীনা শহরে।