ভিপি নুরের পেটে ছাত্রলীগের সঞ্জিতের গুঁতো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সঙ্গে আবারো ছাত্রলীগের বাদানুবাদ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মধ্যে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় পুরস্কার বিতরণের সময় ভিপি নুরুল হক নুর ও ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে সঞ্জিত ভিপি নুরের পেটে কনুইয়ের গুঁতো দেন।  

পরে যা নিয়ে দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উত্তপ্ত স্ট্যাটাস দেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগে থেকেই নির্ধারিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় ডাকসু প্রতিনিধি ও ক্যাম্পাসের সাংবাদিকরা। যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছবি তোলার জন্য সামনে দাঁড়ান ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। এতে পেছনে পড়ে যান ডাকসু ভিপি নুরুল হক নুর।

এ সময় নুর সামনের দিকে দাঁড়াতে চাইলে সঞ্জিত তাতে ‘না’ করেন। সঞ্জিত নুরকে ‘তুই’ বলে সম্বোধন করেন বলে জানা গেছে।

সঞ্জিত নুরের পেটে কনুই দিয়ে গুঁতো দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভিপি নুরুল হক নুর।

অন্যদিকে ঘটনা সম্পর্কে সঞ্জিত চন্দ্র দাস বলেন, নুর আমার পেছনে ছিল। ছবি তোলার জন্য সামনে আসতে আমাকে ধাক্কা দেয়। এ জন্য তাকে বলি ধাক্কা দিস কেন? এর বেশ কিছু না।

সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন নুর। যাতে তিনি লিখেছেন, ‘লজ্জা করে না ডাকসুর প্রতিনিধি না হয়েও নির্লজ্জের মতো জোর করে প্রতিনিধি সাজতে?’ 

পরে এক স্ট্যাটাসে ভিপি নুর সঞ্জিত চন্দ্রের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন। ফেসবুকে তিনি লেখেন, ‘ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের ঢাবি শাখার সভাপতির স্ট্যাটাস, প্রাণনাশের হুমকি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার কারণেই এরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত হচ্ছে । ক্ষমতার দাপটে এভাবে দম্ভোক্তি নিয়ে প্রকাশ্যে মারার হুমকি দেয়।
ওদের সন্ত্রাসের কাছে আমরা ভয়ে চুপসে যাবো? 
ওরাই কি দেশের সর্বেসবা!!!’