‘বিদেশিদের মুখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা শুনতে ভালোই লাগে’

জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা পিয়া উপস্থাপনাতেও সিদ্ধহস্ত। এবার তিনি একটি বেসরকারি টেলিভিশনের হয়ে উপস্থাপনা করছেন খেলার অনুষ্ঠান। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চ থেকে সরাসরি উপস্থাপনা করছেন তিনি। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে পিয়া কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে…

কেমন আছেন?

এই তো ভালো আছি।

প্রথমবার বিদেশের মাঠ থেকে উপস্থাপনা করছেন, অনুভূতি জানতে চাই…

এর আগে বাংলাদেশের মাঠ থেকে খেলার উপস্থাপনা করেছি। এবার বিদেশের মাঠে। ভালো লাগছে যে,  বিদেশের মাটিতে বাংলা ভাষায় উপস্থাপনা করতে পেরেছি। এটা অন্যরকম একটা অনুভূতি। আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশের অনেকগুলো প্রথমের সাক্ষী হলাম। বিশেষ করে কপিল দেব এবং ‍যুবরাজ সিংয়ের পর সাকিব এখন তৃতীয় খেলোয়াড়, যার বিশ্বকাপের এক আসরে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি আছে। একই ম্যাচে ফিফটি ও ৫ উইকেটের অনন্য কীর্তিও গড়েছেন সাকিব। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জিতে যাওয়া। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ ছাড়া নিজেদের ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজিরও গড়েছে টাইগাররা। এসব রেকর্ড গড়ার সাক্ষী হলাম, তাও আবার মাঠে বসে। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে।

বিদেশিদের চোখে বাংলাদেশ ক্রিকেট দল কেমন?

বাংলাদেশ আগের চেয়ে ভালো খেলছে-এটা বেশির ভাগ বিদেশি দর্শকরাই বলছেন। বিদেশিদের মুখে বাংলাদেশ দলের প্রশংসা শুনতে ভালোই লাগে।

আপনার মানব সেবা মূলক সংগঠন ‘উই ফাউন্ডেশনে’র কাজ কেমন চলছে?

উই ফাউন্ডেশনের কাজ ভালোই চলছে। আমি যেহেতু এখন ব্যস্ত, তাই এখন আমার সহ-প্রতিষ্ঠাতারা ফাউন্ডেশনের কাজ চালাচ্ছেন। আর আমি কি করছি বা না করছি তার চেয়ে মানুষের জন্য কি করছি সেটাই বড় কথা।