পরিস্থিতি যত কঠিন, তত ভালো মাশরাফীদের জন্য!

দেয়ালে পিঠ ঠেকলে টাইগারদের প্রবল দাপটে ঘুরে দাঁড়ানোর নজির অনেক। এর পেছনে কি রহস্য লুকিয়ে? চাপের মাঝেই ভালো খেলে বাংলাদেশ, উত্তরে এ কথাটা নির্দ্বিধায় বলা যায়। মঙ্গলবার ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭ ম্যাচে ৩ জয় পাওয়া টাইগারদের বর্তমান অবস্থাকে ঠিক কোণঠাসা বলার উপায় নেই। তবে পরিস্থিতি এমন, প্রবল চাপ টাইগারদের উপর।

কিন্তু এই চাপটাই বাংলাদেশের জন্য প্রেরণা! বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তো সরাসরি বললেন, কঠিন পরিস্থিতিই দলের জন্য ভালো।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। হারলেই আসর থেকে বিদায় নিশ্চিত হবে। আগের দিন ভারতের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের স্বাগতিকেরা ম্যাচটা হেরে গেলে অবশ্য সমীকরণ সহজ থাকত টাইগারদের জন্য।

এখন চিত্রটা এমন, ভারতের বিপক্ষে শুধু নয়, বাংলাদেশকে জিততে হবে পাকিস্তানের বিপক্ষেও। একই সঙ্গে ইংল্যান্ডকে হারতে হবে নিজেদের শেষ ম্যাচে।

ওদিকে ৭ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে ভারতের সেমিফাইনালে এখনো নিশ্চিত নয়। বিরাট কোহলির দলও চাইবে বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলতে।

 

এমন পরিস্থিতির মাঝে মাঠে নামার আগে মাশরাফী বললেন, ‘‘আমি মনে করি কঠিন পরিস্থিতিই দলের জন্য ভালো। শুধু বিশ্বকাপ নয়, সার্বিকভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিতে এটাই বেটার।’’

মাশরাফী আরো বললেন, অন্যদের নিয়ে ভাবছে না তার দল। ইংল্যান্ড হারলে সুবিধা বা কোনো দল জয় পেলে সুবিধা, এমন কিছু মাথায় রাখতে চায় না তারা।

টাইগার অধিনায়কের মতে, ‘‘এ পর্যন্ত আমরা তিনটা ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়েছি। একটা পয়েন্ট বৃষ্টি থেকে পেয়েছি। যতটুকু হয়েছে নিজেরা ভালো করেই জিতেছি। কালকের ম্যাচও জিততে গেলে ভালো খেলেই জিততে হবে।’’

‘‘অন্যদের দিকে তাকিয়ে থেকে আসলে এই ধরনের টুর্নামেন্টে মনে করি না কোনো লাভ আছে।’’- যোগ করে বলেন মাশরাফী।

তাই ভালো খেলেই ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে চায় টাইগাররা, ‘‘কালকের ম্যাচে হারলেই আমাদের বিশ্বকাপ শেষ। ইংল্যান্ডের সঙ্গে ভারত জিতলে ভিন্ন কিছু হতো। আমি এটা পজিটিভ ভাবে নিচ্ছি। কালকে যদি ভালো খেলে জিততে পারি তবে সেটি হবে আরো আনন্দের।’’