অভিযোগ নাসিকের বিরুদ্ধে

প্রতিবন্ধী স্কুলের জমি ছেড়ে দেওয়ার দাবি

প্রতিবন্ধী স্কুলের জন্য সরকারি বরাদ্দকৃত জমি ফিরিয়ে দিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রতি দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা মূক ও বধির সংঘ। গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। সেখানে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের জন্য স্কুল করতে সরকার জমি বরাদ্দ দিলেও সিটি করপোরেশনের মেয়র আইভী হরিহরপাড়া মৌজায় বরাদ্দকৃত ওই জমিটি আটকে রেখেছেন।

জমিটি নিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক বলেন, ‘মেয়র দেশের বাইরে আছেন। বিষয়টিও আমার জানা নেই। কাল (আজ) অফিসে গিয়ে কাগজপত্র দেখে জানাতে পারব।’