সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে সেতু থেকে লাফ দিয়ে নিখোঁজ শিশু আলী হোসেনের (১০) ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে হেমায়েতপুর শহীদ রফিক সেতুর পূর্ব পাশে আলী হোসেনের মৃতদেহ ভেসে উঠলে তার পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।
এর আগে গত রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে শহীদ রফিক সেতুর ওপর থেকে লাফ দিয়ে নিখোঁজ হয় আলী হোসেন। সে পার্শ্ববর্তী রাজ ফুলবাড়িয়া এলাকার সুমন মিয়ার ছেলে। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।