রং নম্বরে ফোন করে নারীর ফাঁদে প্রবাসী, গ্রেপ্তার ৬

মোবাইল ফোনে রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে এক প্রবাসীকে ডেকে এনে সর্বস্ব ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ফতুল্লার গিরিধারা মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন গিরিধারা মাদ্রাসা রোড এলাকার হাজি নুরুল ইসলামের বাড়ির ভাড়াটে মৃত মুনছুর আলীর দুই ছেলে রাজু (৩৬) ও বাদশা (৩৮), একই এলাকার খাইরুল ইসলাম (৩৭), মোহাম্মদ আলীর মেয়ে লিপি (৩০), বীরেন চন্দ্র দাসের মেয়ে রিনা (২৭) ও ডেমরার ছাগলপট্টি এলাকার মো. মাহাবুব (৩৫)।

ফতুল্লা মডেল থানার এসআই ছাইদুল ইসলাম জানান, ভিকটিম আবুল কালাম কুয়েতপ্রবাসী। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার হাসনাবাদ কান্দারগাঁও এলাকায়। কিছুদিন আগে রং নম্বরের মাধ্যমে রিনার সঙ্গে তার পরিচয় হয়। তাদের নিয়মিত কথাবার্তা হতো। একপর্যায়ে রিনা তার স্বামীকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী বিদেশে পাঠানোর আনুষঙ্গিক কার্যক্রম এবং আলোচনা করার কথা বলে রবিবার বিকেলে রিনা কালামকে তাদের বাসায় আসতে বলেন। বিকেলে বাসায় যাওয়ামাত্রই রিনার সহযোগীরা তাকে জোরপূর্বক আটকে ফেলে এবং মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়। প্রাণনাশের হুমকি দিয়ে তারা কালামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা জোগাড়ের কথা বলে কৌশলে কালাম তার বন্ধু আরমানকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। পরে গিরিধারা মাদ্রাসা রোড এলাকার হাজি নুরুল ইসলামের বাড়ির সাততলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কালামকে উদ্ধার এবং তাদের আটক করে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।