ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
গতকাল সোমবার মন্ত্রীপাড়ার হেয়ার রোডে মশক নিধনে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর, অঞ্চল-১-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধনকর্মীরা একযোগে কাজ করবেন।’
এ ছাড়া ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্যসেবা হটলাইন চালু করবে। এর মাধ্যমে নগরের কেউ অসুস্থ হলে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। অসুস্থ নাগরিকরা করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল, চকবাজারের শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র থেকেও এ সেবা নিতে পারবেন বলে জানান মেয়র।