বিদেশি টেলিভিশন চ্যানেলে স্থানীয় বিজ্ঞাপন প্রচারে জড়িত কেব্্ল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বিজ্ঞাপন প্রচারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। কাজেই কেব্্ল অপারেটররা এই আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশি টেলিভিশন চ্যানেলে স্থানীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য বহুবার নোটিস দেওয়া হয়েছে। এখন থেকে জেলা প্রশাসকরা বাংলাদেশি মিডিয়ার স্বার্থে কেব্্ল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এই আদালত ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ১ থেকে ২ বছরের কারাদ- বা উভয় দণ্ড দিতে পারবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক ও কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ শিগগির ঘোষণা করা হবে।’ শুধু সংবাদপত্রের জন্য নবম ওয়েজ বোর্ড করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে টেলিভিশনকে যুক্ত করার সুযোগ নেই।