ইমরান খানকে ‘মাদকসক্ত’ বলা সেই নেতা মাদক-সহ আটক!

বিরোধী দলীয় সংসদ সদস্য সানাউল্লাহ রানাকে সোমবার গ্রেপ্তার করেছে পাকিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনী। ওই সময় তার কাছে বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানায়।

সানাউল্লাহ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পাঞ্জাব ইউনিটের প্রধান। তিনি প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের কড়া সমালোচক।

হিন্দুস্তান টাইমস জানায়, এর আগে একাধিকবার ইমরান খানকে ‘আসক্ত’ বলে উল্লেখ করেন সানাউল্লাহ। মাদকের খোঁজে তার ইসলামাবাদের বাড়িতে তল্লাশি চালানোর দাবি তোলেন।

অ্যান্টি নারকোটিকস ফোর্স (এএনএফ) কর্মকর্তারা জানান, সানাউল্লাহ ফয়সালাবাদ থেকে লহোরে যাচ্ছিলেন। ওই সময় তার গাড়িবহর তল্লাশি করে মাদক পাওয়া যায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

নওয়াজ ও শাহবাজ- দুই শরিফ ভাইয়ের ঘনিষ্ঠ সানাউল্লাহ।

এ ঘটনাকে পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরীফ রাজনৈতিক প্রতিহিংসার খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নাওয়াজ এর জন্য ইমরানকে সরাসরি দায়ী করেন। তার মতে, সাহসী বক্তব্যের জন্য গ্রেপ্তার হলেন সানাউল্লাহ। প্রধানমন্ত্রীকে ‘জালিম-ই-আজম’ আখ্যা দিয়ে টুইটও করেন নওয়াজ শরীফ কন্যা।