প্রবল বৃষ্টির কারণে দেয়াল চাপা পড়ে ভারতে দুটি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে মুম্বাইয়ে।
আনন্দবাজার পত্রিকা জানায়, রাত ২টার দিকে একটি আবাসিক এলাকার দেয়াল ভেঙে পড়ে মুম্বাইয়ের মালাড ইস্টে। এতে ১৩ জন মারা যান। আরও চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দেয়ালের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে মুম্বাইয়ের কাছে কল্যাণে একটি স্কুলের দেয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চারজন আটকে রয়েছে বলে জানায় পুলিশ।
পাঁচ দিন ধরেই মুম্বাইয়ে বৃষ্টির দাপট চলছে। রবি ও সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। রাস্তাঘাট, রেলপথ— প্রায় সবই জলমগ্ন হয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্য নগরী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনের তিন দিন আরও ভারী বৃষ্টিপাত হবে। ৩ ও ৫ জুলাইয়ের মধ্যে বন্যা-সতর্কতা জারি করেছে বেসরকারি একটি সংস্থা।
এদিকে টানা বৃষ্টির জেরে মুম্বাই বিমানবন্দরে মঙ্গলবার অবতরণের পর একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। বিপদ এড়াতে বিমানবন্দরের মূল রানওয়ে আপাতত বন্ধ রাখা এ ছাড়াও রেললাইনে পানি জল জমে যাওয়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। বহু ট্রেন বাতিল করা হয়েছে।