গুরুত্বপূর্ণ হবে ‘টস’

এজবাস্টনের উইকেটে বাংলাদেশ-ভারত ম্যাচে টসে জেতার ব্যাপারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন টাইগারদের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার মতে, এ ধরনের উইকেটে উভয় দলই প্রথমে ব্যাটিং নিতে চাইবে।

ভেন্যুটির উইকেট ভারতের ভালো করেই চেনা। এখানেই নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই বলে টিম ইন্ডিয়া বেশি সুবিধা পাবে- এমনটি মনে করেন না মাশরাফী।

“ব্যবহৃত পিচে টস এর দিকে সবাই তাকিয়ে থাকে। আমরা যে দলের সঙ্গে খেলব, তারা রান তাড়া করতে পছন্দ করে। ভারত আগে,কিংবা পরে, যখনই ব্যাট করুক, তারা দুই দিকেই শক্তিশালী। গতকাল ব্যাটিংয়ে সংগ্রাম করেও ৩০৬ পর্যন্ত স্কোর টেনে নিয়েছে। টস জিতে ব্যাটিং করলে আপনাকে অনেক বড় স্কোরও করতে পারে।”

“যেহেতু ব্যবহৃত উইকেট সবাই এখানে আগে ব্যাটিং করতে চায়। এটাই আসলে সাধারণ প্রক্রিয়া। অবশ্যই টস হেল্প করবে। তবে ভারতের বিপক্ষে কতটুকু সাহায্য করবে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। হারলে সেমির আশা ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বকাপে তিনবারের মোকাবেলায় বাংলাদেশ ভারতকে হারিয়েছে একবার, হেরেছে দুইবার।

এবারের লড়াইয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে মাশরাফী বলেন, “প্রত্যেকবার মুখোমুখিতে আমরা ভারতকে হারানোর চেষ্টা করি। যদিও ভারত অনেক শক্তিশালী দল। শেষ কয়েক বছর বিশ্বকাপে তারা বেশ ভালো দল। বর্তমান দলটা অনেক বেশি শক্তিশালী। সত্যি কথা বলতে আমরা মাঠে সেরাটা দিতে পারলে যে কোন কিছুই হতে পারে। আমাদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি। আমি জানি কাজটা কঠিন, তবে সেরা ক্রিকেট খেলতে পারলে অসম্ভব নয়।”