অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। ধর্মীয় বিশ্বাস রক্ষার্থে এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বলিউডের অনেকেই জায়রার এ ঘোষণাকে 'প্রতিক্রিয়াশীল' ও 'অপরিপক্ব' মন্তব্য করলেও তার প্রশংসা করেছেন হিন্দুগুরু স্বামী চক্রপাণি মহারাজ।
ইন্ডিয়া টাইম জানায়, হিন্দু অভিনেত্রীদের জায়রা ওয়াসিমকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি।
এক টুইটার বার্তায় এই হিন্দুগুরু বলেন, “সিনেমা ছেড়ে দেওয়ার অভিনেত্রী জায়রার সিদ্ধান্ত প্রশংসনীয়। হিন্দু অভিনেত্রীদের উচিত জায়রা থেকে অনুপ্রেরণা নেওয়া।”
কয়েক দিন আগে জায়রা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।
জায়রা লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”
জায়রা ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন।
এরপর লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”
২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছে। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।