চিজ স্যান্ডউইচ, চিজ বার্গার...চিজ দিয়ে এমন কত রকম খাবার রয়েছে, যা আমরা খাই।
অনেকে বাড়িতে চিজ কিনে রাখেন বিভিন্ন খাবারের সঙ্গে খাওয়ার জন্য।
কিন্তু চিজের দাম যদি ৭৯ হাজার টাকা প্রতি কেজি হয়, তাহলে তা আর ক’জনের ঘরে থাকবে বলুন! অবিশ্বাস্য মনে হলেও প্রতি কেজি চিজের দাম প্রায় ৭৯ হাজার টাকা। কারণ, এটা তো কোনও সাধারণ চিজ নয়, এ চিজ তৈরি গাধার খাঁটি দুধ দিয়ে।
এই চিজ সব জায়গায় পাওয়া যায় না। সার্বিয়ার সেরা চিজ প্রস্তুতকারী স্লোবোদান সিমিচ এর তৈরি এটি। বলকান প্রজাতির গাধার দুধ থেকে তৈরি এই চিজ ঘন, সাদা আর এর গন্ধ বেশ কড়া।
উত্তর সার্বিয়ার জাসাভিচার এলাকার একটি খামারে দু’শোরও বেশি বলকান গাধার দুধ থেকে বছরে প্রায় ১৫ কেজি চিজ তৈরি হয়। এই চিজ মূলত এখানে আসা পর্যটকরা কিনে নিয়ে যান।
বলকান গাধার দুধ থেকে তৈরি এই চিজ উচ্চ পুষ্টিগুণ আর ওষধিগুণ সম্পন্ন। অ্যালার্জি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি মেলা ভার! তাই যাদের গরুর দুধে সমস্যা হয়, তারা অনায়াসেই গাধার দুধ খেতে পারেন। বলকান গাধার দুধ থেকে চিজ ছাড়াও প্রসাধনী তৈরি হয়।