ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ঢাকার বায়ুদূষণ রোধের নির্দেশনা চেয়ে করা আবেদন ও এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপের বিষয়ে শুনানির ধারাবাহিকতায় গতকাল এ আদেশ আসে বলে জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, ঢাকার বায়ুদূষণ রোধে বেশকিছু নির্দেশনা ছিল হাইকোর্টের। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আজ (গতকাল) হাইকোর্টকে জানানো হয় দুই সিটির পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক মশা নিধনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত বলেছে, শুধু ওয়ার্ডভিত্তিক নয়, সার্বিকভাবে মশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে।