বে-টার্মিনাল নির্মাণে আগ্রহী সিঙ্গাপুর

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের বে-টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে  বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের বিষয়টি জানান ।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সিফেয়ারারদের সিঙ্গাপুরের সরকারি-বেসরকারি জাহাজে চাকরি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। মেরিটাইম সেক্টরে দুই দেশের কারিগরি জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। সিফেয়ারারদের দক্ষ করে তুলতে বাংলাদেশে নতুন প্রতিষ্ঠিত ৪টি মেরিন অ্যাকাডেমির যেকোনো একটিতে প্রশিক্ষণ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।