গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল সমর্থন জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক ঐক্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেছে, সেখানে কেউই গ্যাসের দাম বাড়ানোর কথা বলেননি। তিনি বলেন, ‘গ্যাস বিতরণের সঙ্গে জড়িত একটি কোম্পানি ছাড়া সবগুলো লাভজনক অবস্থানে রয়েছে। তাহলে গ্যাসের দাম বাড়ানো হলো কেন?’
মান্না বলেন, ‘আসুন, এ জালিম সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। এটা ডান-বামের প্রশ্ন নয়। এটা গ্যাসের প্রশ্ন, জনগণের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন।’ তিনি বলেন, ‘বরগুনায় রিফাতের হত্যাকারী নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বলছে, নদীর মধ্যে গোলাগুলিতে নয়ন মারা গেছে। কিন্তু আমি তিন দিন আগে পত্রিকায় দেখেছি, হিলি সীমান্ত পার হওয়ার সময় নয়ন আটক হয়েছে। জানতে চাই, সত্য কী? কোন অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য এত বড় বর্বর কাণ্ড ঘটানো হলো?’ মানববন্ধন ও সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।