মশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট

ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিসসহ মশক নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পদক্ষেপের বাস্তবায়ন বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আগামী ১৭ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে। পানি ছিটানোসহ রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

শুনানিকালে সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, ডেঙ্গুর ব্যাপকতা তো বেড়ে গেছে। কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? মন্ত্রী, সাংসদ, বিচার বিভাগের অনেকে ও জনসাধারণ এতে আক্রান্ত হচ্ছে। ফগিং কার্যক্রমও দেখা যায় না। আপনারা ওষুধ দিচ্ছেন, এতে কাজ হচ্ছে কি না খবর রাখেন? মশা নিয়ন্ত্রণে কি ওষুধ ব্যবহার করেন? কাজ হয় না? পদক্ষেপের কথা বলছেন, তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করবে কে? যেসব পদক্ষেপ নিয়েছেন, তা যেন কার্যকর হয়-এটি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আদালতকে অবহিত করবেন।