শরীয়তপুর নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

শরীয়তপুরে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রেমচাঁদ বালা (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ছাড়া একই দিন নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আব্দুল মোত্তালেব মারা যান।

গতকাল দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের ছোট সন্দীপ গ্রামের একটি ঘরের টিনের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রেমচাঁদ।

টাউন চিকন্দী ফাঁড়ি পুলিশের আইসি এবিএম রাশেদুল বারী জানান, ঘরের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন প্রেমচাঁদ। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী শহরের আনসার-ভিডিপি ক্যাম্পের পাশে সরকারপাড়া গ্রামের একটি মৎস্য খামারের সেচ পাম্পের ঘরে গতকাল বেলা ১১টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক আবদুল মোত্তালেব। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা মোত্তালেবকে দ্রুত উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।