এবারের বিশ্বকাপে বেশ ক’টি ‘ডাবল’ কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার ভারতের বিপক্ষেও গড়লেন ‘ডাবলের’ নতুন এক কীর্তি। বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১০ উইকেটের কীর্তি গড়েছেন। এর আগে যা করতে পারেননি কেউই। অর্থাৎ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি সাকিবের।
সাকিবের ১০ উইকেট হয়েছিল আগেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। ভারতের বিপক্ষে তাকে হাতছানি দিচ্ছিল এক আসরে ৫০০ রানের মাইলফলক ছোঁয়ার কীর্তি।
বাংলাদেশের পক্ষে এর আগে এক আসরে ৪০০ রানও ছিল না কারো। এদিন সাকিবের ৫০০ রান ছুঁতে লাগত ২৪ রান। ৬৬ রানের ইনিংস খেলার পথে সাকিব ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের কীর্তি গড়েন। একই সঙ্গে অনন্য ডাবলের কীর্তিটাও লেখা হয় তার নামের পাশে।
ভারতের বিপক্ষে হেরে অবশ্য বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে। ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
আসর জুড়ে দুর্দান্ত খেলা সাকিবের ৭ ইনিংসে সংগ্রহ ৫৪২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি এখন দুই নম্বরে। ৫৪৪ রান নিয়ে রোহিত শর্মা এই তালিকায় শীর্ষে। ২টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি সাকিবের নামের পাশে। উইকেটের সংখ্যা ১১টি।
বিশ্বকাপে ৫০০ রান ও ১০ উইকেটের ডাবল এর আগে কেউ করতে পারেনি। তবে খুব কাছাকাছি গিয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিস। ২০০৭ বিশ্বকাপে ১০ ম্যাচে ৪৯৯ রান ও ১০ উইকেট নিয়েছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের আগের ম্যাচে সাকিব ফিফটি ও ৫ উইকেটের ‘ডাবলের’ কীর্তি গড়েছিলেন। যে কীর্তি আগে ছিল শুধু ভারতের যুবরাজ সিংয়ের। এ ছাড়া বিশ্বকাপের এক আসরে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের কীর্তির আছে শুধু কপিল দেব, যুবরাজ সিং ও সাকিবের।