লড়াকু বাংলাদেশের প্রশংসায় কোহলি

ভারতের বিপক্ষে ম্যাচ জমিয়েও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। ম্যাচটিতে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেল মাশরাফী বিন মোর্ত্তজার দল। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষটির উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

বার্হিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে ভারত। দলটির বেধে দেওয়া ৩১৫ রানের টার্গেট অতিক্রম করতে গিয়ে ৪৮ ওভারে ২৮৬ রানে গুঁড়িয়ে যায় মাশরাফীবাহিনী।

বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করলেন কোহলি। শুধু ভারতের বিপক্ষে নয়, পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের ভালো খেলার উদাহরণ টেনেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

“টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ বেশ ভালো খেলেছে। দুর্দান্তভাবে লড়াই করে যাওয়ার জন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। আমার তো মনে হয়েছিল, ইনিংসের শেষ পর্যন্ত তারা ম্যাচে ছিল।”

“এই জয় ছিনিয়ে নিতে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে। কিন্তু দিন শেষে আমরা খুশি যে, ভারত পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে।”

আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অপরদিকে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। নিজেদের জন্য নিয়মরক্ষার পরবর্তী ম্যাচে আগামী ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।