আম খেয়ে ফেলায় শিশুকে স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন বন্ধুর

একটি আম খেয়ে ফেলল পাঁচ বছরের শিশু সাহিল। আর তাতেই বেজায় চটে যায় তার সাত বছর বয়সী বন্ধু। শেষ পর্যন্ত চোখ ও মাথায় স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে সাহিলকে হত্যা করে সে।

রবিবার ভারতের ছত্তিশগড়ের জাঞ্জির-চম্পা জেলায় ঘটেছে নৃশংস এই ঘটনা।

সোমবার পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।

জেলা পুলিশ সুপার পারুল মাথুর জানান, অভিযুক্ত ছেলেটি গাছে চড়ে আম পাড়ছিল আর নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুদের ছুড়ে দিচ্ছিল। ওই আম এক জায়গায় জমা করছিল বাকিরা।

এসময় সাহিল কুড়োনো আমের মধ্যে একটি খেয়ে ফেলেছিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাছ থেকে নেমে আসে অভিযুক্ত। সে সাহিলকে মারধর শুরু করে।

একপর্যায়ে পকেট থেকে একটি স্ক্রুড্রাইভার বের করে সেটি দিয়ে সাহিলের চোখে ও মাথায় উপর্যুপরি আঘাত করে ছেলেটি। রক্তাক্ত সাহিল যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। এরপর বন্ধুদের সাহায্যে সাহিলকে টেনে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে দেয়।

এদিকে বিকেল পর্যন্ত সাহিল বাড়ি না ফেরায় চিন্তিত বাবা-মা তার বন্ধুদের কাছে জানতে চাইলে তারা অপহরণের গল্প সাজায়। তারা বলে, এক ছেলে ধরা সাহিলকে তুলে নিয়ে গিয়েছে।

এরপর পুলিশে অপহরণের অভিযোগ করা হলে পুলিশ সাহিলের খোঁজ শুরু করে। সোমবার উদ্ধার হয় তার মরদেহ। সাহিলের শরীরে আঘাতের চিহ্ন দেখে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় পুরো ঘটনার বর্ণনা দেয় অভিযুক্তরা।

অবশ্য এ ঘটনায় বয়সের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।