রেফারিকে দুষলেন মেসি

ব্রাজিলের কাছে সেমি-ফাইনাল থেকেই এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। হারের পর ম্যাচ রেফারির কঠোর সমালোচনা করলেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তার দাবি, রেফারির সিদ্ধান্তগুলো খুব জঘন্য ছিল।

বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। এই হারে আরও একবার জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙলো মেসির।

ম্যাচ শেষে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য রেফারির দিকে আঙ্গুল তুলেছেন মেসি। সাংবাদিকদের পাঁচবারের বর্ষসেরা ফুটবলার বলেন, “ওরা আমাদের চেয়ে ভাল খেলেনি। ওরা তাড়াতাড়ি গোল পেয়েছে। আর দ্বিতীয় গোলটার আগে আগুয়েরোর একটা পেনাল্টি দেয়া হয়নি (সেখান থেকে ব্রাজিল কাউন্টার অ্যাটাকে গোল করেছে)।”

“রেফারিরা খুবই জঘন্য ছিল। তারা ভিএআরে যাচাই পর্যন্ত করেনি। অবিশ্বাস্য। পুরো ম্যাচ জুড়েই এমনটা হয়েছে। ম্যাচের শুরু থেকেই তারা ব্রাজিলের অনুকূলে কাজ করেছে। এই ধরনের বাজে সিদ্ধান্তগুলো খেলা থেকে আমাদের মনযোগ সরিয়ে দিয়েছে।”

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেন মেসি- “এটা কোন অজুহাত নয়। কিন্তু আমাদের এটা পর্যালোচনা করা উচিত, বিশ্লেষণ করা উচিত। আশা করছি কনমেবল এ ব্যাপারে কিছু করবে।”