পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করা ‘কাটমানি’ আসলে কী?

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘কাটমানি’ শব্দটি এখন বহুল আলোচিত। বিজেপি, তৃণমূল এই ‘কাটমানি’ বিষয়ক আলোচনায় তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। শব্দটি দিয়ে আসলে ঘুষের অর্থকে বোঝায়।

‘কাটমানি’ শব্দটি প্রথম সামনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কাটমানি’ হল সেই টাকা যা কোনো সরকারি প্রকল্পের অনুমোদন দিতে/পরিষেবা পাইয়ে দিতে জনপ্রতিনিধি/দাপুটে নেতার হাতে তুলে দিতে হয়।

মমতা দলের নেতাদের উদ্দেশ্যে কয়েক মাস আগে বলেন, ‘কেউ কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন।’ সেই থেকে শুরু হয় বিতর্ক। বিজেপি দাবি করতে থাকে, নেতাদের দুর্নীতি নিয়ে বিপাকে পড়ায় মমতা টাকা ফেরত দিতে বলছেন।

এরপর এক নেতার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বীরভূম জেলার ওই গ্রাম স্তরের নেতা মানুষকে টাকা ফেরত দিচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুই লাখ টাকারও বেশি ‘ঘুষ নেওয়া অর্থ’ ফিরিয়ে দিয়েছেন তিনি।

বিজেপি এই ভিডিও নিয়েও তৃণমূলকে একহাত নেয়। এর ভেতর আবার ‘কাটমানি’ নিয়ে গায়ক নচিকেতার আরেকটি গান ভাইরাল হয়।

তৃণমূল সরকারের সব কর্মসূচিতে যিনি থাকেন, সেই গায়ক নচিকেতা চক্রবর্তীর ‘কাটমানি’ ফেরত দেওয়া গানটির প্রথম চার লাইন এমন- ‘খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমনি /‌ এসেছে সময়.‌..‌ফেরত দিন, আসছে দিন!‌'‌

এই গান শুনে অনেকে বলতে থাকেন, নচিকেতা হয়তো তৃণমূল ছাড়ছেন। কিন্তু পরে নিজেই এ বিষয়ে মুখ খোলেন। জানান, এই গানটি আসলে মমতার সিদ্ধান্তের প্রশংসা করে লিখেছেন। কাটমানি ঠেকাতে তিনি যে কঠোর হয়েছেন, সেটি গানে গানে বলতে চেয়েছেন।