কৃষ্ণাঙ্গ ইহুদিদের বিক্ষোভে অচল ইসরায়েল

ইসরায়েলে ইথিওপিয়ান ইহুদি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৭ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। পুলিশের গুলিতে এক ইথিওপিয়ান কিশোর নিহত হওয়ার ঘটনায় এ বিক্ষোভ সৃষ্টি হয়।

আলজাজিরা জানায়, রবিবার রাতে হাইফার নিকটে কিরায়াত হাইম এলাকায় ১৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ইহুদিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি এক পুলিশ। এ ঘটনায় দেশটির ইথিওপিয়ান ইহুদি গোষ্ঠীর বিক্ষোভে অচলাবস্থা সৃষ্টি হয়। 

মঙ্গলবার ইসরায়েলি পুলিশ জানায়, রাজধানী তেল আবিবসহ দেশজুড়ে গুরুত্বপূর্ণ সড়কের ১৫টি স্থানে অবস্থান নেয় বিক্ষোভকারী। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে তাদের বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ সৃষ্টি হয়। এত অন্তত ৪৭ পুলিশ কর্মকর্তা আহত হন। গ্রেপ্তার করা হয় ৬০ জন বিক্ষোভকারীকে।

এএফপিকে মেঙ্গিসতো নামে এক বিক্ষোভকারী বলেন, “গায়ের রং কালো হওয়ায় পুলিশ আমাদের লোকদের হত্যা করছে। যত দিন তারা এটি বন্ধ করবে না, আমরা এ বিক্ষোভ চালিয়ে যাব।”

প্রসঙ্গত, ইসরায়েলে ১ লাখ ৪০ হাজারেরও বেশি ইথিওপিয়ান ইহুদির বসবাস। যার মধ্যে ১৯৮৪ থেকে ৯১ সালের মধ্যে ৮০ হাজার অভিবাসী ইহুদিও রয়েছে। তবে বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার তারা। নাগরিক অধিকার থেকেও অনেকাংশে বঞ্চিত তারা।  

এদিকে আন্দোলন থেকে সরে আসার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঞ্জামিন। তিনি ইথিওপিয়ান কিশোরের হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এ সংকট সমাধানের আশ্বাস দেন তাদের।