শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করলেন রাহুল গান্ধী। টুইটারে একটি খোলাচিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এতদিন কংগ্রেস দলের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে খোলাচিঠিতে লেখেন রাহুল গান্ধী। দেশ ও নিজের দলের কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন এই কংগ্রেস নেতা।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন রাহুল গান্ধী। ২০১৭ সালে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ১৩১ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের।
নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির কাছে বড় ধরনের পরাজয় ঘটে দলটির। প্রতিদ্বন্দ্বিতায় কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।
৩০৩ আসনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার বিপরীতে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস।
চিঠিতে আবার লোকসভা ভোটে পরাজয়ের দায় স্বীকার করেছেন রাজীব গান্ধীর ছোট ছেলে রাহুল। দলের স্বার্থের কথা ভেবেই কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
কংগ্রেস সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যেই নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো কংগ্রেস দলের দায়িত্ব নেহেরু-গান্ধী পরিবারের বাইরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পরাজয়ের দায় নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন রাহুল। তবে তা নাকচ করে দিয়ে উল্টো রাহুলকে দলের সব পর্যায়ে পরিবর্তন আনার ক্ষমতা দিয়েছিল ওয়ার্কিং কমিটি।