জিয়া স্বাধীনতার ঘোষক নন, তিন নম্বর পাঠক: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর পক্ষে তিন নম্বর স্বাধীনতার পাঠক। তিনি কখনো ঘোষক ছিলেন না।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এবং মুন্সীর হাট ইউনিয়ন আ’লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার ইতিহাস মীমাংসিত বিষয়। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। যারা আজ স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক তোলার চেষ্টা করছেন, তাদের স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম হয়নি।

হানিফ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের ৩০ লাখ মানুষ শহীদ হন, ২ লাখ মা বোন ইজ্জত হারান। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সাড়ে ১১ হাজার যুদ্ধ অপরাধীর তালিকা করেন এবং এদের বিচার করার জন্য দালাল আইন করেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করার মাধ্যমে এদের বিচারের পথ বন্ধ করে দেন। একজন প্রকৃত মুক্তিযোদ্ধার পক্ষে যা কখনো সম্ভব নয়। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয় জিয়াউর রহমান বাংলার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেননি। তিনি যোগ দিয়েছেন পাকিস্তানের এজেন্ট হিসেবে তাদের পক্ষে কাজ করার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূইয়া হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।